Skip to main content

Ridge Bangla

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ

সাইবার নিরাপত্তা ও কর্পোরেট তথ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর বিকল্প হিসেবে কর্মকর্তা ও কর্মচারীদের অফিসিয়াল যোগাযোগে মাইক্রোসফট টিমস ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি বিমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইটি) বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্পোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর পরিবর্তে মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কর্পোরেট যোগাযোগমাধ্যম। এতে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ আধুনিক সব সুবিধা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহার করেই সহজে মাইক্রোসফট টিমসে অ্যাকাউন্ট খোলা যায়, যা দৈনন্দিন দাপ্তরিক যোগাযোগকে আরও কার্যকর ও সুরক্ষিত করে তোলে।

বিশ্বের বহু খ্যাতনামা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা ইতোমধ্যে হোয়াটসঅ্যাপকে দাপ্তরিক যোগাযোগ থেকে বাদ দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এটি একটি থার্ড-পার্টি অ্যাপ যা অনেক সময় তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর সংবাদমাধ্যমকে বলেন, “মাইক্রোসফটের প্ল্যাটফর্ম ব্যবহার করতে আনুষ্ঠানিক চুক্তি করেছে বিমান। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে বৈঠক বা যোগাযোগের ব্যবস্থা রয়েছে। কয়েক মাস আগেই দাপ্তরিক কাজে ব্যবহৃত বিমানের ডেস্কটপ কম্পিউটারগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, বিমানের এই সিদ্ধান্ত সাইবার ঝুঁকি হ্রাসের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দাপ্তরিক যোগাযোগে আরও পেশাদার সংস্কৃতি গড়ে তুলবে।

This post was viewed: 201

আরো পড়ুন