Ridge Bangla

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দর এলাকায় প্রবেশ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিডিউল অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী বিমান ‘বিজি ২০২’ সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে। ওই বুলেটপ্রুফ গাড়িতেই তিনি বিমানবন্দর থেকে পরবর্তী কর্মসূচিতে যাতায়াত করবেন। নিরাপত্তাজনিত কারণে তার চলাচলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মীও একই ফ্লাইটে দেশে ফিরছেন। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির পর ঢাকায় পৌঁছাবে।

বিএনপি সূত্র জানায়, ঢাকায় পৌঁছে তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছু সময় অবস্থান করবেন। এরপর সড়কপথে কুড়িল হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট) সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে। পরবর্তীতে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও তার মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান শেষে গুলশানের ফিরোজা বাসভবনে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

This post was viewed: 15

আরো পড়ুন