Skip to main content

Ridge Bangla

বিভ্রান্তি দূর করে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

দেশের ২০ কোটি মানুষই এই রাষ্ট্রের প্রকৃত মালিক, কোনো রাজনৈতিক দল বা পরিবার নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দুঃখ-কষ্ট থেকে মুক্ত রাখতে যেকোনো মূল্যে দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হবে। এজন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের মূল লক্ষ্য জনগণের পাশে দাঁড়ানো নয়। বরং তারা বাজেটের অযৌক্তিক বিরোধিতা করে দেশে অস্থিতিশীলতা ও অশান্তি সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

এদিন সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে আয়োজিত এক পথসভাতেও বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি বাংলাদেশকে প্রথম ও শেষ ঠিকানা হিসেবে উল্লেখ করে দেশ গড়ার ডাক দেন।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জনসভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি ও অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি।

This post was viewed: 24

আরো পড়ুন