চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মনার হেফাজত থেকে একটি বিদেশি ৭.৬৫ বোর পিস্তলের সঙ্গে ১১ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, তিনটি একনলা শর্টগান, রাইফেলের গুলি এবং ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ ছাড়াও চাপাতি ও সুইচ গিয়ার জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানে নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের কয়েকটি ফোন উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া এসব ফোন দিয়ে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি সমন্বয় করা হতো। ফোনগুলো পর্যালোচনার মাধ্যমে তার অন্যান্য সহযোগীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকাটিতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কয়েক দিন আগে কাশেম নামে আরেক সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মনার অবস্থান নিশ্চিত হওয়া যায়। কুখ্যাত এই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ মোট ১৮টি মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলা মনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই গ্রেপ্তারকে জঙ্গল সলিমপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ।