বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। দুই সহযোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়াকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। সংস্থাটির সিইও ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বন্টন ও বিপণন) পদে বদলি করা হয়েছে। একই আদেশে বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে মহাব্যবস্থাপক (অর্থ) পদে পুনর্বহাল করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে চলতি দায়িত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।