দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ থাকা কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়, ‘সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।’