দেশজুড়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ খরচ কমানোর উদ্যোগ হিসেবে তিনি নিজ দপ্তরেই উদাহরণ সৃষ্টি করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে এসে কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমিয়ে দেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তার কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয়। পরে মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি সভাকক্ষের অর্ধেক লাইট বন্ধ করার নির্দেশ দেন এবং এসির তাপমাত্রাও কমিয়ে দিতে বলেন।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগের পরপরই সচিবালয়ে তার দপ্তরের অন্যান্য কক্ষেও অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় বলে জানান আতিকুর রহমান রুমন।
এদিকে প্রধানমন্ত্রী দেশের সব মন্ত্রণালয়, সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল ও বিপণিবিতানসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।