Ridge Bangla

বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকান বন্ধের নির্দেশ

দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক আদেশে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে। পাশাপাশি বাণিজ্য মেলা, বিভিন্ন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের বিলবোর্ড ও বিজ্ঞাপন বোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই সময়সীমা কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে দোকান ও শপিং মল খোলা রাখার সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

This post was viewed: 6

আরো পড়ুন