বিদ্যুতের দাম বৃদ্ধি ও সাম্প্রতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আজ বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করবে দলটি।
দলীয় ঘোষণা অনুযায়ী, ঢাকা মহানগরীর উদ্যোগে বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, সরকার জনগণের পকেট কাটার ‘চরম ও নিষ্ঠুর খেলায়’ মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই নিত্যপণ্যের দামে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তার ওপর বিদ্যুতের দাম বাড়ানো ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে কাজ করবে।
জামায়াতের দাবি অনুযায়ী, নতুন সিদ্ধান্তে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে সঞ্চালন চার্জও বেড়েছে। এর ফলে শিল্প, কৃষি ও ব্যবসা খাতে উৎপাদন ব্যয় বাড়বে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।