Ridge Bangla

বিদ্যুতায়িত মইয়ে ফুফুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে থাকা একটি লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনকে বাঁচাতে গিয়ে মা ও মেয়েও প্রাণ হারান।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাদুরতলা এলাকার ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তাঁর ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাসিনা বেগম ছাগলকে খাওয়ানোর জন্য লোহার মইয়ের সঙ্গে কাঁঠালের পাতা বাঁধতে যান। ওই মইটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

পরে স্থানীয় এক অটোরিকশাচালক বাড়ির মূল বিদ্যুৎ সংযোগের সুইচ বন্ধ করেন। এরপর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেন।

ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও সেখানে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও স্থানীয়দের ভিড়ে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

ইউপি সদস্য ফাইজউদ্দিন ইসলাম কালু বলেন, হাসিনা বেগম লোহার মইয়ের সঙ্গে কাঁঠালের পাতা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে বাঁচাতে গিয়ে আশা খাতুন ও মিম আক্তারও মারা যান। এ মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী শোকাহত।

বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, বৃষ্টিতে ভিজে বাড়ির লোহার মইটি বিদ্যুতায়িত হয়ে ছিল। সেই মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন