শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিদ্যালয়ে প্রবেশের সময় মারধরের শিকার হয়েছেন ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার। রোববার (৭ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসেন সুজিত কর্মকার। এ সময় কয়েকজন যুবক তাকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দিয়ে একপর্যায়ে মারধর করে। এ সময় তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে আবারও মারধর করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত অবস্থায় প্রথমে তিনি ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে নিরাপত্তাজনিত কারণে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সুজিত কর্মকার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল তাকে হুমকি দিয়ে আসছিল। উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করেই তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ডামুড্যা থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, প্রাথমিকভাবে ঘটনাটি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।