বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই ঋণ সুবিধা বাস্তবায়ন করা হবে এবং এ জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। বিশেষ করে ব্যাংক সলভেন্সি দেখাতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে বাংলাদেশি শ্রমবাজারের চাহিদা বাড়তে পারে। অবকাঠামো পুনর্গঠনে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাজ্ঞানের গুরুত্বের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করেছেন। ইউরোপীয় দেশগুলোর ভিসা প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশে কনস্যুলার সেবা বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।