Ridge Bangla

বিটিআরসির নতুন সিদ্ধান্ত: এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি সিম

বাংলাদেশে ব্যক্তিগত মোবাইল সিম ব্যবহারের সংখ্যা আরও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করতে পারবেন। আগামী বছরের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে বিটিআরসি জুলাই মাসে জানিয়েছিল, একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম থাকতে পারবে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় নভেম্বর থেকে অতিরিক্ত সিম বন্ধ করা শুরু হবে। যদিও এর আগে একজন নাগরিক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন।

বিটিআরসির এক কর্মকর্তা জানিয়েছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। নতুন নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি থেকে মোবাইল অপারেটররা নতুন সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টির মধ্যে সীমাবদ্ধ থাকবেন।

গত ২৬ অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেছিলেন, নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে সিম ব্যবহারের সংখ্যা কমানো হবে। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী জানিয়েছেন, ৩১ অক্টোবরের পর একজন এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম রাখা যাবে না। ধাপে ধাপে সিম সংখ্যা আরও কমিয়ে আনা হবে।

বর্তমানে দেশে সিমের ব্যবহার ১৯ কোটির বেশি। একাধিক সিম ব্যবহারের কারণে অনিবন্ধিত বা ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি বেড়ে গেছে। নির্বাচনের আগে সিম ব্যবহার নিয়ন্ত্রণের এই উদ্যোগ সেই ঝুঁকি কমাতে নেওয়া হয়েছে।

This post was viewed: 45

আরো পড়ুন