বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “সারাদেশের স্কুল-মাদ্রাসার কিশোর-তরুণ শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে সকল ধর্মের নির্দেশনা ও শিক্ষার গুরুত্ব সর্বাধিক। আমাদের কোরআনের প্রথম আয়াতই বলা হয়েছে, ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’—পড় তোমার প্রভুর নামে। তাই তোমাদের প্রতি আমার একটাই পরামর্শ: লেখাপড়া, লেখাপড়া এবং লেখাপড়া।”
তিনি বলেন, “বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে কেবল সাধারণ শিক্ষা নয়, ব্যবহারিক ও কারিগরি শিক্ষায়ও দক্ষ হতে হবে। স্কুল বা মাদ্রাসা—যেখানেই পড়ো না কেন, জ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়াই এখন সময়ের দাবি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির এ সুযোগ কাজে লাগিয়ে নিজেকে অন্যের চেয়ে এগিয়ে নিতে হবে। মেধা জন্মগত হলেও তার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা ও একনিষ্ঠ পরিশ্রম।”
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে তার উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ও দক্ষ মানবসম্পদের ওপর। সেই লক্ষ্যেই বিএনপি ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে, যারা শিক্ষা খাতের আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।”