Ridge Bangla

বিজিবির আটক করা ভারতীয় চোরাইপণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ চোরাকারবারিদের বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির আটক করা ভারতীয় চোরাইপণ্যবাহী একটি পিকআপ সংঘবদ্ধভাবে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চোরাকারবারি চক্রের বিরুদ্ধে।

বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সীমান্ত এলাকা থেকে হলুদ রঙের একটি পিকআপে করে ভারতীয় পণ্য নিয়ে আসছিল একটি চক্র। খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটি আটক করেন।

এ সময় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি করে বিজিবি সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাদের দাবি ছিল, পিকআপে থাকা মালামাল চোরাই নয়, বৈধ পণ্য।

তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পিকআপে থাকা সব মালামাল ভারতীয় চোরাইপণ্য। এ নিয়ে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সময় পিকআপ ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ বিষয়ে সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম এম শরীফুল ইসলাম জানান, কসবা উপজেলার নয়নপুর বাজার এলাকায় ভারতীয় চোরাইপণ্যবাহী একটি হলুদ পিকআপ আটক করেন বিজিবি সদস্যরা। পরে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে সংঘর্ষে জড়ায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলের পরিস্থিতি জটিল হয়ে পড়ায় বিজিবি চোরাইপণ্যবাহী পিকআপটি ছেড়ে দেয়। ওখানে গুলি করার মতো পরিবেশ তৈরি হয়েছিল। গুলি ও রক্তপাত এড়াতে মালামালগুলো ছেড়ে দেওয়া হয়।

This post was viewed: 8

আরো পড়ুন