‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে ভারতজুড়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না অনেকে। হৃদরোগ না কি রক্তচাপজনিত জটিলতায় তার এই মৃত্যু—এ নিয়ে চলছে নানা আলোচনা। শোকে ভেঙে পড়েছেন তার স্বামী পরাগ ত্যাগী, পরিবার ও অনুরাগীরা।
এই দুঃসংবাদের পর মুখ খুলেছেন শেফালির প্রাক্তন স্বামী, সঙ্গীত প্রযোজক হরমিত সিংহ। ইউরোপে অবস্থানরত হরমিত এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আমার জীবনের এক বেদনাদায়ক মুহূর্ত। অতীতে তার সঙ্গে কাটানো ভালো সময়গুলো সবসময় মনে থাকবে।”
২০০৪ সালে শেফালি ও হরমিতের বিয়ে হলেও মাত্র পাঁচ বছরের মধ্যেই সেই সম্পর্কে ছেদ ঘটে। শেফালি অভিযোগ করেছিলেন, হরমিত তাকে নির্যাতন করতেন এবং তার অজান্তে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নিতেন। বিচ্ছেদের পর মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগে অভিনেত্রীর।
এক সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, “মনে হয়েছিল, এখানেই সব শেষ।” সাহসী গানে পারফর্ম করার কারণে তাকে সামাজিক কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। তবে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন তিনি। ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেন।
মনোরোগ বিশেষজ্ঞ ডা. শর্মিলা সরকারের মতে, বিচ্ছেদের মানসিক ধাক্কা থেকে মানুষ সাধারণত পাঁচটি ধাপে অগ্রসর হয়—অস্বীকার, রাগ, দ্বন্দ্ব, অবসাদ ও গ্রহণ। শেফালির জীবন ছিল সেই প্রত্যাবর্তনের উদাহরণ, যেখানে আবারও আস্থা ফিরেছিল জীবনে ও সম্পর্কে।