বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের পর ঢাকার একটি আদালত এ আদেশ দেন।
রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ।
সংস্থাটি জানিয়েছে, স্বল্প খরচে ও দ্রুত সময়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে খায়রুল বাশার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বিপুল সম্পদ গড়ার অভিযোগে ২০২৫ সালের ৪ মে গুলশান থানায় খায়রুল বাশারের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।
ওই মামলায় ২০২৫ সালের ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগের আর্থিক অপরাধ ইউনিট। পরে খায়রুল বাশারকে আদালতে সোপর্দ করা হয়।
তদন্তের প্রাথমিক পর্যায়ে অপরাধ তদন্ত বিভাগ জানতে পারে, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে রাজধানীর ভাটারা এলাকায় প্রথম স্ত্রীর নামে একটি ফ্ল্যাট কিনেছেন খায়রুল বাশার।
এ ছাড়া দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমার (ডোনা) নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট, নিজের নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট এবং আজিজ সড়কে জি-৭ ও জি-৬ তলাবিশিষ্ট দুটি বাড়ি কেনার তথ্য পাওয়া গেছে।
তার নিজের ও প্রতিষ্ঠানের নামে মোট ৩ হাজার ৪৮২ দশমিক ৫ শতাংশ জমিও রয়েছে বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ। এসব স্থাবর সম্পত্তির দলিলমূল্য প্রায় ৩৩ কোটি টাকা।
তদন্তে পাওয়া এসব তথ্যের ভিত্তিতে অপরাধ তদন্ত বিভাগের আর্থিক অপরাধ ইউনিট সম্পত্তিগুলো ক্রোকের জন্য আদালতে আবেদন করে। পরে ঢাকার একটি আদালত ওই স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।