বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের মেয়াদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন খন্দকার রাশেদ মাকসুদ।
একই সময়ে কমিশনের আরও চারজন কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলেন মোহসীন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো: সাইফুদ্দিন।
এর আগে গত ২ জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হবে। এই ঘোষণার পরপরই চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটল।
তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন বিনিয়োগকারীরা।
পদত্যাগের বিষয়ে এক বার্তায় খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, চেয়ারম্যান হিসেবে গত ২১ মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত উদ্যোগ ও পরিকল্পনায় মনোযোগ দিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।