Ridge Bangla

বিএনপি প্রার্থীকে গুলি, দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগ চলাকালে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সরকারি বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ সরাসরি লক্ষ্যবস্তু ছিলেন না, বিপথগামী একটি গুলিতেই তিনি আহত হন। সরকার তার দ্রুত আরোগ্য কামনা করেছে এবং পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার এই অপরাধমূলক ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী, কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে এবং বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী যেন সর্বোচ্চ তৎপরতা দেখায়।

এ ছাড়া বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের সংযত ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বলা হয়, “নির্বাচন যেন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।”

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ এলাকায় প্রচারণাকালে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা সরোয়ার বাবলা নামে এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় চট্টগ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

This post was viewed: 38

আরো পড়ুন