Ridge Bangla

বিএনপি থেকে মনোনয়ন পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক। তিনি ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন। সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭ আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ক্রীড়া অঙ্গনের দুই বড় নাম রয়েছে- সাবেক অধিনায়ক আমিনুল হক ও সাবেক তারকা ফুটবলার, মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা–৩ আসনে।

আমিনুল হক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। খেলোয়াড়ি জীবনে আমিনুল হক ছিলেন দেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে তার অসাধারণ পারফরম্যান্সের কল্যাণেই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলে চ্যাম্পিয়ন হয়। সেদিন গোলবারের নিচে তার প্রতিটি সেভ যেন পুরো জাতির স্বপ্ন রক্ষার প্রতীক হয়ে উঠেছিল।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেন আমিনুল। শুরুতে বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব নেন, পরে অল্প সময়ের মধ্যেই উঠে আসেন নেতৃত্বের শীর্ষ সারিতে। দলীয় সূত্রে জানা গেছে, তরুণ ও জনপ্রিয় মুখ হিসেবে বিএনপি তাকে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা–১৬ আসনে প্রার্থী করে নির্বাচনী লড়াইয়ে পাঠাচ্ছে। দলের নেতৃত্ব বিশ্বাস করে, মাঠের লড়াইয়ের মতো রাজনৈতিক অঙ্গনেও নতুন করে দাগ কাটবেন সাবেক অধিনায়ক আমিনুল হক।

This post was viewed: 45

আরো পড়ুন