Skip to main content

Ridge Bangla

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩০০ আসনের জাতীয় সংসদে বিএনপি-নেতৃত্বাধীন জোট ২১৩টি আসনে বিজয়ী হয়ে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দলটি সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

অন্যদিকে, আগামী সংসদে বিরোধী দলের ভূমিকায় দেখা যেতে পারে জামায়াত-এনসিপি জোটকে।

নির্বাচনে এ বিজয়ের পর বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি বলেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে এসেছে। বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এই অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে, নির্বাচনে বিএনপির ঐতিহাসিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

This post was viewed: 37

আরো পড়ুন