Ridge Bangla

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুহুল কবীর রিজভীর নাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় স্থান পাননি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রাথমিক তালিকায় রিজভীর নাম না থাকায় দলের অভ্যন্তরে নানা আলোচনা শুরু হয়েছে। এর আগেও আলোচিত আরও কয়েকজন নেতার নাম না থাকায় বিএনপির ভেতরে সমালোচনার ঝড় ওঠে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসনে লড়বেন—ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩। অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া–৬ আসনে। এছাড়া ঠাকুরগাঁও–১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল নিজে।

ঢাকা–১৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে মায়ের ডাক প্ল্যাটফর্মের নেত্রী সানজিদা তুলিকে। তালিকা ঘোষণার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে বাকি আসনগুলোর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বিএনপির নেতৃত্ব মনে করছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর অভ্যন্তরীণ সমন্বয় ও মাঠপর্যায়ের প্রস্তুতি আরও জোরদার হবে।

This post was viewed: 52

আরো পড়ুন