জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলের নতুন সদস্য হিসেবে স্বাগত জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং স্নিগ্ধর পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল মাধ্যমে যোগদান অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে নবাগত সদস্যকে অভিনন্দন জানান এবং শহিদ মীর মুগ্ধের সাহসী ত্যাগ ও পরিবারের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনের শহিদদের রক্ত বৃথা যাবে না। তাদের পরিবারের সদস্যরা আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এটি আন্দোলনের চেতনাকে আরও শক্তিশালী করবে।”
যোগদান শেষে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, “আমার ভাই মুগ্ধ যে স্বপ্ন দেখে শহিদ হয়েছিলেন, আমি সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে বিএনপির পতাকা হাতে নিতে এসেছি। শহিদ মুগ্ধের আদর্শই আমার পথপ্রদর্শক।”