Skip to main content

Ridge Bangla

বিএনপিকে নাহিদ, শেখ হাসিনার কৌশল অনুসরণ করবেন না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বিএনপির উদ্দেশে বলেছেন, মতপ্রকাশে দমন-পীড়ন, হামলা কিংবা নিরাপত্তার অজুহাতে বাধা দেওয়ার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। তার দাবি, এসব অতীতের রাজনৈতিক কৌশল। এ সময় তিনি বলেন, “শেখ হাসিনাকে কপি করবেন না। কারণ, শেখ হাসিনাকে কীভাবে হটানো হয়েছে, তা এ দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও জানে।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ৩টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন কঠোর নির্দেশনা বন্ধ করা উচিত। তার ভাষ্য, কোনো বক্তব্য পছন্দ না হলে পাল্টা সমাবেশ করে মত প্রকাশ করতে হবে, এটিই গণতন্ত্র। সাধারণ শিক্ষার্থীরা নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা কোন সমাবেশে যাবে বা কাকে সমর্থন করবে। তিনি বলেন, “আমি কথা বলছি; আমার কথা পছন্দ না হলে আপনারা পাল্টা সমাবেশ করে কথা বলুন- এটাই গণতন্ত্র।”

হবিগঞ্জে হামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, যে যুবক চোখ হারিয়েছেন, তিনি কী ধরনের আপত্তিজনক বক্তব্য দিয়েছেন, তা প্রকাশ করা হোক। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে অনলাইনে আপত্তিজনক, উসকানিমূলক ও কটূক্তিমূলক বক্তব্যের অভিযোগে বিরোধী মত দমন করা হয়েছে। তার ভাষ্য, এটি ছিল রাজনৈতিক সমালোচনা বন্ধ করার একটি কৌশল। তিনি বলেন, “আপনারা কথার জবাব কথায় দেবেন- এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র।”

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে চলমান আলোচনা-সমালোচনা ও হামলার ঘটনার প্রসঙ্গেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধী দলে থাকা একজন রাজনৈতিক নেতার দায়িত্বই হলো সরকারের সমালোচনা করা, যা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তার মতে, কোনো বক্তব্যে প্রচলিত আইন লঙ্ঘনের বিষয় থাকলে সেটি আইনই দেখবে। তিনি বলেন, “সেটা দেখার দায়িত্ব কোনো ছাত্রসংগঠন, ক্ষমতাসীন দলের নেতা–কর্মী বা কোনো সন্ত্রাসী বাহিনীর নয়।”

This post was viewed: 17

আরো পড়ুন