Ridge Bangla

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

রাজধানী ও গাজীপুরের মধ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, পরিচালনা পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটি চালু হলে রাজধানী ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতে সময় ও ব্যয় কমবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত বিশেষজ্ঞরা বিআরটি প্রকল্পের নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সার্বিক কার্যকারিতা নিয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। যাত্রীবান্ধব এবং টেকসই পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কয়েকজন শিক্ষক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 14

আরো পড়ুন