Ridge Bangla

বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র ধ্বংসের দাবি আইআরজিসির

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং দেশটির একটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। এ খবর জানিয়েছে আনাদোলু।

আইআরজিসির ভাষ্য, ইরানের কয়েকটি সেতুতে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। সংগঠনটির দাবি, ওই হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন, যা তাদের মতে যুদ্ধাপরাধের শামিল।

বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনে থাকা মার্কিন ড্রোন ভেসেলের একটি ডিপো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং সেখানে থাকা বহু ড্রোন আগুনে পুড়ে গেছে। একই সঙ্গে বাহরাইনের একটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রও পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

তাদের অভিযোগ, ওই কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রটি ইরানের বিরুদ্ধে হামলার লক্ষ্য নির্ধারণে মার্কিন বাহিনী ব্যবহার করত।

আইআরজিসির দাবি অনুযায়ী, এসব স্থাপনায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু ও পরিবহন অবকাঠামোয় হামলা অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে মার্কিন শেয়ারহোল্ডারদের মালিকানাধীন গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।

আইআরজিসি আরও দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তারা সবাই এসব যুদ্ধাপরাধের অংশীদার।

This post was viewed: 2

আরো পড়ুন