নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কঠোর অবস্থানের কারণে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর স্থগিত হয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। সোমবার (১১ মে) তার দুই দিনের নেপাল সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভারত অন্যান্য ব্যস্ততার কথা জানিয়ে সফর পিছিয়ে দেয়।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ পররাষ্ট্রমন্ত্রীর নিচের পদমর্যাদার বিদেশি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ না করার নীতি নিয়েছেন। সেই ধারাবাহিকতায় তিনি ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গেও বৈঠকে রাজি হননি।
উল্লেখ্য, এর আগে একই কারণে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বালেন্দ্র শাহর সাক্ষাৎ পাননি।
এছাড়া লিপুলেখ গিরিপথ ব্যবহার করে মানসসরোবর যাত্রা নিয়ে ভারত-চীনের সাম্প্রতিক সমঝোতায়ও নেপাল ক্ষুব্ধ। কাঠমান্ডু দাবি করছে, লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি অঞ্চল নেপালের অংশ এবং এ বিষয়ে তারা ভারত ও চীনকে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানিয়েছে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৫৪ সাল থেকে চলে আসা মানসসরোবর যাত্রা নিয়ে নেপালের একতরফা দাবি তারা মেনে নেবে না, যদিও আলোচনার পথ খোলা রয়েছে।