Skip to main content

Ridge Bangla

বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণে ঢিলেমি হলে ব্যবস্থা: মাউশি

সরকারি, বেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এক নির্দেশনায় বলা হয়, পরীক্ষাগুলো গ্রহণে শিক্ষক–কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এন্ট্রি পদ ৯ম গ্রেডসহ নানা দাবিতে মাধ্যমিক শিক্ষক–কর্মচারীদের আন্দোলনের মধ্যে এই ঘোষণা দিল মাউশি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক ২০ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ৭ ডিসেম্বর রোববার পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২৯ অক্টোবরের চিঠি মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর রোববার থেকে ৩১ ডিসেম্বর বুধবার পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা দেশব্যাপী সকল সরকারি/বেসরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত আছে। উক্ত সকল পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাউশির পরিচালকের সই করা নির্দেশনায় বলা হয়, উক্ত পরীক্ষাসমূহ গ্রহণে শিক্ষক/কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য/অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্দেশনা দেশের সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন