জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা হলে ভয়াবহ তেজস্ক্রিয় বিপর্যয় ঘটতে পারে।
গত রোববার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আবুধাবিতে অবস্থিত বারাকাহ বিদ্যুৎ প্ল্যান্টটির কাছে ড্রোন হামলা করা হয়।
এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ডাকা এক জরুরি বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোর একটি। সেখানে হাজার হাজার কিলোগ্রাম পারমাণবিক উপাদান রয়েছে। এখানে সরাসরি আঘাত পরিবেশে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে দ্রুত জনগণকে সরিয়ে নেওয়া, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং বিস্তৃত এলাকায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ জরুরি।
এর আগে, আমিরাতের কর্মকর্তারা জানান, ইরাকি ভূখণ্ড থেকে চালানো ড্রোন হামলার ঘটনায় বারাকাহ বিদ্যুৎ কেন্দ্রের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।