দুই সাবেক স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে সম্প্রতি তৃতীয়বার আইনি বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বাইয়ের নিজ বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। তবে নতুন এই বিয়ের পরই বিতর্কের মুখে পড়েছেন বলিউডের এই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিহারের ফোর্বসগঞ্জে আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীরা। বিক্ষোভ চলাকালে তারা আমির খানের কুশপুত্তলিকা দাহ করেন এবং অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তোলেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সরকারি ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
বজরং দলের নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বার বার হিন্দু নারীদের বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন। তার দাবি, এটি বৃহত্তর একটি ষড়যন্ত্রের অংশ এবং এর মাধ্যমে হিন্দু সমাজকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।
মনোজ সোনি প্রশ্ন তোলেন, আমির খান কেন মুসলিম সম্প্রদায়ের নারীদের পরিবর্তে হিন্দু নারীদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। তার দাবি, এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। বিষয়টি নিয়ে আদালত ও সরকারের হস্তক্ষেপও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দিলেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন।
সম্প্রতি ব্যক্তিগত আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। জানা গেছে, গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ বংশোদ্ভূত। তার দাদা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন।
লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেছেন গৌরী। পেশায় তিনি একজন প্রশিক্ষিত হেয়ারড্রেসার। আগের সংসারে তার ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
বর্তমানে গৌরী আমির খান ফিল্মসের সঙ্গে যুক্ত এবং অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করছেন।