Ridge Bangla

বাবাকে ডাকতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও কোপে মো. জিহাদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদের বাবা আজগর আলী ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া এলাকার একটি খালে মাছ ধরছিলেন। রাতে বাবাকে ডেকে আনতে বাড়ি থেকে বের হয় জিহাদ।

কুট্টাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের ৩টি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

This post was viewed: 6

আরো পড়ুন