Ridge Bangla

বান্দরবানে ৪৩ জন পর্যটক নিয়ে বাস খাদে, আহত ১৫

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি আঁকাবাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের উদ্ধারকাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন এবং উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই ঢাকা থেকে বান্দরবানে পর্যটন ভ্রমণের উদ্দেশে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ বলেন, “বাসে থাকা অধিকাংশ যাত্রীই কম-বেশি আহত হয়েছেন। তবে দ্রুত উদ্ধার হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, ভোরের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অনেকে আহত হন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন