Ridge Bangla

বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে যুবক কারাগারে

নোয়াখালী শহরে বাড়ির উঠানে গাঁজা গাছ চাষের অভিযোগে মো. বাঁধন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ জুলাই) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সকালে সুধারাম মডেল থানার আওতাধীন নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর দত্তের হাট গরুর বাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল বাঁধনের ভাড়া বাসা-সংলগ্ন তার দখলে থাকা জমিতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে চাষ করা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা ছিল ৭ ফুট ৮ ইঞ্চি এবং ওজন প্রায় ১ কেজি। পরে গাছটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে বাঁধনকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাঁধনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোথাও মাদক চাষ বা বিক্রির তথ্য পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন