দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ৫ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৬১ মিলিয়ন ডলার। চলতি মে মাসের প্রথম পাঁচ দিনে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৬১৬ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩০ হাজার ৬৭৪ দশমিক ০৭ মিলিয়ন ডলার।
এর আগে ৫ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।