২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস এবং দুটি বিল অনুমোদনের মধ্য দিয়ে জাতীয় সংসদের চলমান অধিবেশনের গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে। এরপর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
গত ৭ জুন শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট (দ্বিতীয়) অধিবেশনে বাজেটের ওপর দীর্ঘ আলোচনা, সম্পূরক বাজেট এবং অর্থ বিলসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে কণ্ঠভোটে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। এটি গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট।
পাস হওয়া বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির প্রাক্কলন করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের ৩.৬ শতাংশের সমপরিমাণ। একই সঙ্গে বাজেটের মোট আকার সম্ভাব্য মোট দেশজ উৎপাদনের ১৩.৭ শতাংশ ধরা হয়েছে। আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন ২৯১ জন সংসদ সদস্য। এ আলোচনা চলে মোট ৪৫ ঘণ্টা ৫১ মিনিট। এর মধ্যে সরকারি দলের ২০০ জন সদস্য ৩২ ঘণ্টা ৩ মিনিট এবং বিরোধী দলের ৯১ জন সদস্য ১৩ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য দেন।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নেন ২৫ জন সংসদ সদস্য। এই আলোচনা চলে ৩ ঘণ্টা ৩ মিনিট। ফলে সাধারণ বাজেট ও সম্পূরক বাজেট- দুই আলোচনায় মিলিয়ে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয় এবং এতে সর্বমোট ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন।