Skip to main content

Ridge Bangla

বাজেট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন, শুধু আয়-ব্যয়ের হিসাব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের একটি আর্থিক দলিল নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, সংসদ সদস্যদের গবেষণাভিত্তিক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও তথ্যনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণ এবং জাতীয় উন্নয়নকে এগিয়ে নিতে সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়। তাই সংসদ সদস্যদের সবসময় জনগণের স্বার্থ ও দেশের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

স্পিকার আরও উল্লেখ করেন, ১৯৯১ সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রবর্তিত মূল্য সংযোজন কর (ভ্যাট) দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। বাজেটের সিদ্ধান্ত সরাসরি মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কারিগরি সহায়তায় পরিচালিত এই উদ্যোগ সংসদের বাজেট বিশ্লেষণ ও পর্যবেক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে সহায়ক হবে।

This post was viewed: 30

আরো পড়ুন