Ridge Bangla

বাজারে আসছে হাঁড়িভাঙা আম, ৩০০ কোটি টাকার বাণিজ্যের আশা

রংপুর অঞ্চলের সুস্বাদু ও সুপরিচিত হাঁড়িভাঙা আম এবারও বাজারে আসতে যাচ্ছে। স্বাদ-গন্ধে অনন্য এই আমকে ঘিরে চলতি মৌসুমে ৩০০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ জানিয়েছে, আগামী ১৫ জুন থেকে পরিপক্ব আম বাজারজাত করার পরামর্শ দেওয়া হয়েছে।

মিঠাপুকুরসহ রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ ও পীরগাছা এলাকায় ব্যাপকভাবে এই আমের চাষ হয়েছে। চলতি বছর ফলন ভালো হওয়ায় চাষিদের মধ্যে আনন্দ বিরাজ করছে। অনেকেই ইতোমধ্যে আম সংগ্রহ শুরু করেছেন, তবে কৃষি বিভাগের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষারও পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় চাষিরা জানান, ধান বা অন্য ফসলের তুলনায় হাঁড়িভাঙা আমে লাভ অনেক বেশি। একাধিক কৃষকের আয় কয়েক গুণ বেড়েছে বলে তারা জানান। কৃষি কর্মকর্তারা বলছেন, প্রতি একর জমি থেকে বছরে গড়ে কয়েক লাখ টাকা আয় সম্ভব এবং গাছ পরিচর্যার খরচ তুলনামূলকভাবে কম।

মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বর্তমানে প্রায় ১ হাজার ২৬০ হেক্টর জমিতে ৪ হাজারের বেশি বাগানে হাঁড়িভাঙা আম চাষ হচ্ছে। গত বছর এই আম বিক্রি হয়েছিল প্রায় ১০০ কোটি টাকার মতো, এবার তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

কৃষি বিভাগ ও প্রশাসন বলছে, পরিবহন ও বাজারজাতকরণে কোনো সমস্যা যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 5

আরো পড়ুন