বাগেরহাটে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের কথিত মূল হোতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরির ১১টি গরু এবং জব্দ করা হয়েছে চক্রের ব্যবহৃত একটি পিকআপভ্যান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার দক্ষিণপাড়া এলাকার সুকুর শেখের ছেলে নাহিদ শেখ, ফকিরহাট উপজেলার আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ এবং খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের ধুনা মোল্লার ছেলে আরিফ মোল্লা।
পুলিশ জানায়, সম্প্রতি বাগেরহাটের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রথমে ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আরিফ মোল্লাকে আটক করা হয়। একই সঙ্গে তার বাড়ি থেকে চুরির ১১টি গরু এবং চক্রের ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।