পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। হামলার সময় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
তিনি বলেন, মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ অতিক্রম করে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়।
উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব সাইফুল ইসলাম খোকনের অভিযোগ, রিয়াজ, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। তাঁর দাবি, হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী এবং তাঁদের সমর্থক।
ঘটনার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত নেতা-কর্মীদের খোঁজখবর নেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।