Ridge Bangla

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ২ জন আটক

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার পরপরই এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা হঠাৎ করেই ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করলে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা তাদের মধ্যে দুজনকে আটক করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, রাত ১০টা ৫৫ মিনিটের দিকে একটি প্রাইভেট কার থেকে দুটি ককটেল ছোড়া হয়। এর একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। তবে এনসিপি নেতারা দাবি করেছেন, মোট পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে চারটি বিস্ফোরিত হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, “রাত ১১টার দিকে আমাদের অফিস লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। হামলার পর আমরা দুইজন সন্দেহভাজনকে ধরে পুলিশের হাতে তুলে দিই।”

পুলিশ জানিয়েছে, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

This post was viewed: 37

আরো পড়ুন