ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিএসএফ সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।
নিহত বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে দায়িত্ব পালন করছিলেন।
বিএসএফ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে সীমান্তের একটি অরক্ষিত অংশে টহল দিচ্ছিলেন তিনি। মিঠিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি ‘জিরো লাইন’-এর কাছে খোলা আকাশের নিচে নজরদারির দায়িত্বে ছিলেন দুবে।
এ সময় হঠাৎ বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। সঙ্গে থাকা অন্য বিএসএফ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে। গঙ্গা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা অবস্থায় বজ্রাঘাতে তারা প্রাণ হারান। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।