Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতার মাত্রা কমল, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত

বাংলাদেশ ভ্রমণসংক্রান্ত সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশকে তৃতীয় মাত্রার ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ তালিকা থেকে দ্বিতীয় মাত্রার ‘বাড়তি সতর্কতা অবলম্বন করুন’ পর্যায়ে উন্নীত করেছে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সতর্কতার এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ বলে প্রতিফলিত করে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পর এ তথ্য প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ সতর্কতার এই ইতিবাচক পরিবর্তন বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। এতে উল্লেখ করা হয়, গত ৬ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এই পরিবর্তনকে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ সম্প্রসারণে চলমান প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছে।

This post was viewed: 14

আরো পড়ুন