থাইল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ভিজাভাত ইসারভাকদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার (২৪ জুলাই) সকালে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘদিনের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
আলোচনায় বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান সহযোগিতার কাঠামোকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সম্ভাবনাময় নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।