Ridge Bangla

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আগামী ৪ জুন তার বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও তার মতবিনিময় হতে পারে।

কূটনৈতিক মহলের মতে, হাকান ফিদানের এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২০ সালের ডিসেম্বরের পর এটিই বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

একই সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরটি শুধু নিয়মিত দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ নয়; এর মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও দেওয়া হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তুরস্ক বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেয়।

এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও সাম্প্রতিক সময়ে ঢাকা ও আঙ্কারার মধ্যে যোগাযোগ এবং সমন্বয় বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন