Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ (পরামর্শক) হলেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ (পরামর্শক) হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজে (দুই টেস্ট ও তিন টি-২০) দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন তিনি।

তবে এটি পূর্ণকালীন নয়, প্রাথমিকভাবে এই সিরিজের জন্যই আশরাফুলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৩ নভেম্বর, ২০২৫) বিসিবির পরিচালক পর্ষদের সভায় তার নিয়োগ অনুমোদন হয়।

ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ এবারই প্রথম পাচ্ছেন সাবেক এই তারকা ব্যাটসম্যান। একসময় দেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ব্যাটার হিসেবে পরিচিত আশরাফুল এবার নিজেকে মেলে ধরবেন নতুন ভূমিকায়।

আশরাফুল জানান, “আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে। জাতীয় দলের ব্যাটসম্যানদের সহায়তা করা আমার জন্য বড় সম্মান ও দায়িত্ব।”

এর আগে তিনি বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং এনসিএল টি-২০ তে বরিশাল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাট হাতে একসময় যিনি জাগিয়েছিলেন আশার আলো, এবার সেই আলো ফেরাতে চেষ্টা করবেন কোচ হিসেবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন নিক পোথাস। তার পর স্বল্প সময়ের জন্য দায়িত্ব নেন ডেভিড হেম্প। হেম্পের বিদায়ের পর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সাময়িকভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন।

This post was viewed: 79

আরো পড়ুন