বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
এ সময় জাতিসংঘের সংস্কার প্রসঙ্গেও মতবিনিময় করেন উভয় পক্ষ। পাশাপাশি বর্তমান বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।