Skip to main content

Ridge Bangla

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে তুরস্ককে প্রস্তাব

বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (৫ জুন) রাজধানীর একটি হোটেলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খলিলুর রহমান।

তিনি বলেন, দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। একই সঙ্গে তুর্কি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এ সময় টেক্সটাইল, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, জাহাজ নির্মাণ, ওষুধশিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে হাকান ফিদান জানান, বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমান ১ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে কাজ করছে। তিনি প্রতিরক্ষা শিল্পকে দুই দেশের সহযোগিতার অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। তুরস্ক রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন ফিদান। এছাড়া সফরের অংশ হিসেবে দুই দেশ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

This post was viewed: 16

আরো পড়ুন