Skip to main content

Ridge Bangla

বাংলাদেশে পাচারের আগেই জব্দ ২১৬ মোবাইল, ভারতে গ্রেপ্তার ৪

বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে ভারতীয় পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুরে যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ রুপি মূল্যের ২১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিনয় সরেন, সুভাকর সরেন, প্রভাকর সরেন ও মুন্সী সরেন। তাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানার জাজইল অঞ্চলের সূচল মহম্মদপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে হাবিবপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ২১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, সীমান্তসংলগ্ন একটি বাড়িতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মোবাইল ফোনগুলো মজুত রাখা হয়েছিল। তথ্যের ভিত্তিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৮৮ নম্বর ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে মোবাইলগুলো জব্দ করা হয় এবং অভিযুক্তদের আটক করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ জুন) গ্রেপ্তার ৪ জনকে মালদা জেলা আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেয় পুলিশ।

This post was viewed: 35

আরো পড়ুন