ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী তারা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রণয় ভার্মা বলেন, “আমরা সবসময় দূরদর্শী ও জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করছি। জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা আশা করি, ইতিবাচক ও ভবিষ্যতমুখী উপায়ে একসঙ্গে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, “পারস্পরিক সুবিধা এবং স্বার্থের ভিত্তিতে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই। আমাদের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে সমর্থন করি। নতুন সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়ানোর অপেক্ষায় আছি।”
ভিসা ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা সরাসরি কোনো সময়সীমা উল্লেখ না করলেও দ্রুত সমাধানের ইঙ্গিত দেন। তিনি বলেন, “দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া দ্রুত সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী।”