Skip to main content

Ridge Bangla

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে বৃত্তি বাড়ানোর আহ্বান

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে তার দফতরে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যে বৃত্তির সুযোগ বৃদ্ধি পেলে মেধাবী শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষাখাতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি। উভয় পক্ষই শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করে।

This post was viewed: 26

আরো পড়ুন